যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। আর তখন ন্যারেটিভ হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, বিশ্বের ইতিহাসে আওয়ামী লীগের আমলে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে। শেখ হাসিনা চোরতন্ত্র তৈরি করেছিলেন। শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, বড় বড় কোম্পানিকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেয়া হতো। বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। আর তখন ন্যারেটিভ হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে কারা কী ভূমিকা রেখেছে, তা আমরা আরও ভালোভাবে বিশ্লেষণ করবো। তাই সবাইকে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ডায়েরিতে লিখে রাখতে হবে।
জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রেস সচিব বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। অথচ অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। শাসকদের কাছে বার্তা দিয়েছিলো যে, আন্দোলনকারীদের দমন করা উচিত। অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফও বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকে যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায়, তাহলে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।